Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ১৮:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিফাত হাসান রক্তিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুরের দিকে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এবং লালন শাহ সেতুর মধ‍্যবর্তী স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিফাত পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

এর আগে, গতকাল (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বন্ধুদের সঙ্গে নৌকাভ্রমণে গিয়ে ঝড়ো বাতাসে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় রক্তিম। পরে তাকে উদ্ধার করতে নদীতে নেমে তার দুই বন্ধুও পানিতে ডুবে যায়। খবর পেয়ে নৌ পুলিশ ওই দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে রক্তিম। পরে আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং নৌ পুলিশের সাড়ে ৩ ঘণ্টার অভিযানে নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
লক্ষ্ণীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , ‘গতকাল কয়েকজন বন্ধু মিলে নৌকা ভাড়া করে নদীতে হার্ডিঞ্জ ব্রিজের নিচে এসেছিল। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে ওই যুবক নদীতে পড়ে যায়। খবর পেয়ে নৌ পুলিশ দুইজনকে উদ্ধার করতে পারলেও আরেকজন নিখোঁজ হয়। পরে রাজশাহী ডুবুরি টিমের সহযোগিতায় ২০ ঘণ্টা পরে আজ দুপুরে তাকে উদ্ধার করা হয়।’
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর