ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে কাজী আশরাফ (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা মাহামুদুল হাসান অনিক নামের তার এক বন্ধু আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের মেয়ের জামাই সনি চৌধুরী জানান, রোববার সকালে আমার শশুর কাজী আশরাফ ও মাহামুদুল হাসান অনিক ব্যক্তিগত কাজে লোহাগড়া থেকে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথিমধ্যে খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌছালে মোটরসাইকেলটি বৃষ্টির পানিতে সড়কে স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় খুলনাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ ও তার বন্ধু মাহমুদুল হাসান গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী আশরাফের অবস্থার অবনতি হয়। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।