হিলি: জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
তিনি বলেন, ‘সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায় বিজিবি ও এসআরবি। স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে ভারতে পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরের মূর্তি মজুতের খবর পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রথমে কষ্টিপাথরের মূর্তিসহ শ্রী মুকুল চন্দ্র মণ্ডল ও মো. কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত পাচারকারী মো. হামিদুর রহমান ও মো. জাকির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মো. হামিদুর রহমান (৬২), মো. জাকির হোসেন (৫০), শ্রী মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) ও মো. কামাল হোসেন (৬০)।’
তিনি জানান, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। এর আনুমানিক জব্দমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।
মোহাম্মদ লতিফুল বারী বলেন, ‘আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিসহ তাদের আক্কেলপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’