Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবৈধ জাল উদ্ধারে গিয়ে হামলার শিকার ২ গ্রাম পুলিশ সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৭

হামলায় আহত গ্রাম পুলিশ সদস্য

গোপালগঞ্জ: জেলার টুঙ্গিপাড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই গ্রাম পুলিশ সদস্য।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহত দুই গ্রাম পুলিশ হলেন— ডুমুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ ইউসুফ শেখ এবং ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস। ইউসুফ শেখ বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত শ্যামল কুমার বিশ্বাস প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।

আহত গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস বলেন, ‘টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারের নির্দেশনায় এর আগেও তারা অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছেন। বুধবারও নির্দেশনা অনুযায়ী বড় ডুমুরিয়া এলাকায় জাল উদ্ধার করতে গেলে ৩-৪ জন তাদের ওপর হামলা করে মারধর করেন।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মারধরের সময় হামলাকারীরা তাদের কাছে জানতে চান, কার নির্দেশে তারা জাল উদ্ধার করতে গিয়েছে। এ সময় তাদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর আহত দুই গ্রাম পুলিশের খোঁজ নেওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম।

তিনি বলেন, ‘ঘটনা শোনার পর আমরা সরজমিন পরিদর্শন করেছি। এছাড়া আহত গ্রাম পুলিশদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।‘

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর