Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১৮:৩৬

ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার মুহূর্ত।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কৃষিজমিতে ইটভাটা স্থাপন এবং ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ওই তিন ইটভাটার মালিকদের ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার এ ঘটনা ঘটে। পপুলার ব্রিকস, তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকস নামের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পপুলার ব্রিকসের মালিক আবদুল আজিজ, তাহেরা ব্রিকসের মালিক শাহাদাত হোসেন ও জহুরা ব্রিকসের মালিক জামাল উদ্দিনকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষিজমি থেকে ইট তৈরির কাঁচামাল হিসেবে মাটি কাটা এবং কৃষিজমিতে অবৈধভাবে ভাটা স্থাপনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তাদের এই জরিমানা করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধ ইটভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং। তিনি বলেন, ‘কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে এমন আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।’

অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বার থানা-পুলিশ, ব্যাটালিয়ন সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।