লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির এক যাত্রীবাহী বাস উলটে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন যাত্রী।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ছেড়ে আসা ‘নাফিস এন্টারপ্রাইজের’ আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলছিল। চরচামিতা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে এবং দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনায় আহত আব্দুর রহমান নামে এক যাত্রী জানান, ড্রাইভার শুরু থেকেই অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি গাড়ির গতি কমাননি। যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, হাসপাতালে ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। এছাড়া আহত অন্তত ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।