Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বন্দরকেন্দ্রিক বিদেশি বিনিয়োগে সহায়তার আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ২০:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: বন্দরকেন্দ্রিক বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। পরিদর্শনের পর বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দর চেয়ারম্যান জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রাম বন্দরের উল্লেখযোগ্য অর্জন মার্কিন প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বিগত সময়ের নানা অনিয়ম, শ্রম অসন্তোষ, বিভিন্ন প্রেশার গ্রুপের আধিপত্য, অগ্নিকাণ্ড ও ডিজিটাইজেশনে বাধাসহ অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে বন্দরে বেশকিছু যুগোপযোগী সংস্কার করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড হয়েছে। জাহাজের টার্ন এরাউন্ড টাইম হ্রাস পেয়েছে। বন্দরের মুনাফাও বেড়েছে।

এ ছাড়া বন্দরের পানগাঁও ও লালদিয়া কনটেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের পাশাপাশি বে টার্মিনাল ও মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়টিও তুলে ধরেন চেয়ারম্যান মনিরুজ্জামান। তিনি বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ও বে টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দর বিশ্বের অন্যান্য বন্দরের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল ও প্রতিবেশি দেশের মালামাল পরিবহনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার নৌবাণিজ্য হাবে পরিণত হবে।’

জবাবে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বন্দরকেন্দ্রিক বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে আরও দক্ষ, আধুনিক ও বিশ্বমানের বন্দর হিসেবে গড়ে তুলতেও যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে জানান। তিনি মার্কিন যুক্তরাস্ট্র থেকে রফতানি করা পণ্য খালাসে চট্টগ্রাম বন্দরের সহযোগিতা প্রত্যাশা করেন।

সাক্ষাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে দূতাবাসের ইকোনমিক ইউনিট চিফ মাইকেল পিনিল, কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ, ইকোনমিক স্পেশালিস্ট আসিফ আহমেদ এবং চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক ও সচিব মোহাম্মদ আজিজুল মওলা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর