চট্টগ্রাম: মহানগরী বাকলিয়া থানা এলাকায় মাদক ব্যাবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ‘মুরাদ বাহিনীর’ প্রধান হিসেবে পরিচিত মো. মুরাদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুরাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) পটিয়া থেকে মুরাদ বাহিনীর প্রধান মুরাদকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার অন্য দুজন হলেন— সুমন (৩৫) ও রুহুল আমিন। পুলিশ জানিয়েছে, তারা সংঘর্ষের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর রাতে বাকলিয়ার সৈয়দ শাহ রোডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পালটা পালটি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, কয়েকটি বিস্ফোরণ ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর জড়িতদের গ্রেফতারে বাকলিয়া থানা-পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে পটিয়া উপজেলা থেকে মুরাদ, সুমন ও রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। এর আগে, সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আরও ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মুরাদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। এসব মামলায় মাদক, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, মুরাদের ফেসবুক প্রোফাইলে নিজেকে চান্দগাঁও থানা যুবদলের কর্মী হিসেবে পরিচয় দেওয়ার তথ্য পাওয়া গেছে। সেখানে যুবদলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি ও ভিডিও রয়েছে।