Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

রাবি করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৬:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি: ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে ফের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। পরে কৃষি অনুষদের চার বিভাগের শিক্ষার্থীরা এতে সংহতি জানায়।

অবস্থান কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাবি প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন তাঁরা। আধা ঘণ্টা অবস্থান শেষে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’, ‘কৃষিবিদ আসছে রাজপথ আসছে’, ‘নবম দশম পরে কর ইঞ্জিনিয়ার বানান কর’, ‘প্রকৌশলীদের ভয় নাই, রাজপথ ছাড়িনাই’।

শাখা প্রকৌশল অধিকার আন্দোলনের মুখ্য সংগঠক সিফাত আবু সালেহ বলেন, “গতকাল লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলায় আমাদের বহু সহপাঠী আহত হয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বারবার উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিলেও কোনো প্রতিক্রিয়া পাইনি। যে দেশ প্রকৌশলীদের মর্যাদা দিতে ব্যর্থ, সে দেশ কখনো উচ্চশিখরে পৌঁছাতে পারবে না।”

প্রকৌশল অনুষদের শিক্ষার্থী আহমেদ হাসান বলেন, “সরকার আমাদের তিন দফা দাবিকে শুরু থেকেই উপেক্ষা করছে। গতকাল ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির সময় পুলিশ আমাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।”

এর আগে, গতকালও রাবি-রুয়েট শিক্ষার্থীরা তালাইমারি মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এছাড়াও ২৪ আগস্ট রুয়েট, রাবি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দাবিতে দুই ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন।

তাদের দাবি:

  • নবম গ্রেডে কোনো কোটা ছাড়াই শুধু বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হোক।

  • দশম গ্রেডের নিয়োগ সকলের জন্য উন্মুক্ত হোক।

  • বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদন করার সুযোগ দেওয়া হোক।

  • ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না।

  • ডিপ্লোমাধারীদের জন্য ‘টেকনিশিয়ান’ পদবি নির্ধারণ করা হোক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর