Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাকসুর উদ্যোগে রাবি ক্যাম্পাসে প্রথম ফার্মেসি উদ্বোধন

রাবি করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ২০:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো ফার্মেসি চালু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় চালু হওয়া এ ফার্মেসির মাধ্যমে শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসের ভেতরেই প্রয়োজনীয় দেশি-বিদেশি ওষুধ কিনতে পারবেন।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবলিস চত্বর সংলগ্ন এলাকায় ফার্মেসিটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭২ বছরেও প্রশাসন পূর্ণাঙ্গ মেডিকেল সেবা নিশ্চিত করতে পারেনি। এমনকি ক্যাম্পাসের ভিতরে একটিও ওষুধের ফার্মেসি ছিল না। আমাদের সকল ইশতেহারের মধ্যে অন্যতম একটি ইশতেহার ছিল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ফার্মেসি স্থাপন করা এবং আলহামদুলিল্লাহ, আমরা রাকসুর উদ্যোগে ফার্মেসি চালু করতে সক্ষম হয়েছি। আজকের উদ্বোধনের মাধ্যমেই এখন থেকে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় ওষুধ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই কিনতে পারবে।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘এই ফার্মেসি স্থাপন আমাদের অনেকদিনের প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেই প্রয়োজনটিকে যথাযথভাবে অনুভব করতে পারিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক সহযোগিতায় এবং রাকসুর উদ্যোগে আজ ক্যাম্পাসের ভেতরে একটি ফার্মেসি চালু হতে যাচ্ছে। বিশেষ করে এমন একটি স্থানে এটি প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে ছাত্রীদের সহজ যাতায়াত ও ওষুধ সংগ্রহের সুবিধা নিশ্চিত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সুযোগ-সুবিধা থাকলেও একটি ফার্মেসির অভাব ছিল, যা সত্যিই একটি অপূর্ণতা ছিল। আজ সেই অপূর্ণতার পূর্ণতা পেল। বিশেষ করে আমাদের ছাত্রীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। ক্যাম্পাসে অনেক ছাত্রী হল রয়েছে, আর জরুরি ওষুধের প্রয়োজন হলে তাদের কাজলায় যেতে হতো। এখন তারা ক্যাম্পাসের মধ্যেই সহজে প্রয়োজনীয় সেবা পাবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও এটি বড় ধরনের সুবিধা সৃষ্টি করেছে। তারা দ্রুত এখানে এসে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারবেন। এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য রাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে নিত্যপ্রয়োজনীয় ওষুধের দোকান স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। রাকসুর ইশতেহারেও ক্যাম্পাসে ফার্মেসি স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর