চবি: বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাত শিক্ষক।
বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথ জরিপে এ তালিকা প্রকাশ করা হয়।
জানা যায়, এ তালিকায় স্থান পাওয়া গবেষকেরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএনএম আলমগীর, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এসএম আবে কাউছার ও প্রভাষক ইমরানুল কবির, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. এসএম শরিফুজ্জামান।
এ অর্জনে আনন্দ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, সহকর্মীরা এমন সম্মানজনক স্বীকৃতি অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাদের অভিনন্দন ও ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গবেষণার চারণভূমিতে পরিণত করার লক্ষ্য নিয়ে তাঁরা কাজ করছেন।
উল্লেখ্য, গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা, সহলেখকদের প্রভাব ও সমন্বিত স্কোরের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।