Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইবির ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

ইবি করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১৯:১৭

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

ইবি: পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১৮ শিক্ষার্থীর এক সেমিস্টারের সকল কোর্স এবং পাঁচজনের একটি নির্ধারিত কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। বাকি একজনের সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী একটি সেমিস্টারের পরীক্ষাও বাতিল করেছে কর্তপক্ষ।

সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মাসুদুল হক তালুকদার স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়। এর আগে গত ১৭ অক্টোবর পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের কৃত অপরাধ পর্যালোচনা করে এসব শাস্তি নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

অফিস আদেশ অনুযায়ী, পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের অপরাধের ৫(৭) ধারার ৬ (২) উপধারা মোতাবেক শাস্তিপ্রাপ্ত ২৪ শিক্ষার্থীর মধ্যে ১৮ জনের সংশ্লিষ্ট সেমিস্টারের সকল পরীক্ষা বাতিল করা হয়েছে। এর মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের একজন, লোকপ্রশাসন বিভাগের তিনজন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একজন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইজন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের একজন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের একজন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইজন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের দুইজন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একজন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইইই বিভাগের একজন এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দুইজন শিক্ষার্থী রয়েছেন।

এ ছাড়া ৫ (১১) ধারার ৬ (৩) উপধারা অনুযায়ী বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীর সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিলসহ পরবর্তী একটি সেমিস্টারের পরীক্ষাও বাতিল করা হয়েছে।

অন্যদিকে একই অধ্যাদেশের ৫ (১) ধারার ৬ (১) উপধারা অনুযায়ী ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন, স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন (পুনর্ভর্তি) ও ২০২১-২২ শিক্ষাবর্ষের দুইজন এবং সমাজকল্যাণ বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীর একটি কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে সকল খরচ বহনসাপেক্ষে এসব শিক্ষার্থীরা তাদের নির্ধারিত কোর্সটির রিটেক পরীক্ষা দিতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর