Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঈদের প্রথম দিনের বক্স অফিস; আয়ের দৌড়ে কার দাপট কত?

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ১৬:৫২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

এবারের ঈদুল ফিতরে দেশের সিনেমা অঙ্গনে বইছে উৎসবের মাতম। কেবল তারকাখ্যাতি নয়, বরং গল্পের জোরেই দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় করছেন। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমা ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রিন্স’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’নিয়ে মুখরিত এখন রুপালি পর্দা। বাংলা মুভি রিভিউ (বিএমআর)-এর তথ্য অনুযায়ী, ঈদের প্রথম দিনে আয়ের সমীকরণে চমকপ্রদ সব তথ্য উঠে এসেছে, যেখানে আয়ের লড়াইয়ে মাল্টিপ্লেক্সে দাপুটে সূচনা করেছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’।

প্রথম দিনের বক্স অফিস সংগ্রহে সবাইকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছে ‘দম’। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে মোট ২৭টি শোর মধ্যে ২২টিই ছিল হাউসফুল। ৩০.৩৯ লাখ টাকা আয় করে সিনেমাটি মাল্টিপ্লেক্সে বছরের সর্বোচ্চ ওপেনারের গৌরব অর্জন করেছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। ২১টি শোর মধ্যে ১৭টি হাউসফুল নিয়ে এর প্রথম দিনের আয় দাঁড়িয়েছে ২০.৪০ লাখ টাকা, যা চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং হিসেবে জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে মুক্তি না পেলেও অন্যান্য মাল্টিপ্লেক্স ও ই-টিকেটিং সুবিধা সম্বলিত থিয়েটারে বেশ প্রভাব ফেলেছে। ৩১টি শোর মধ্যে ২৬টিই ছিল হাউসফুল এবং দিনশেষে এর সংগ্রহ ১৬.১৯ লাখ টাকা। সার্ভার জটিলতায় কিছু শো বাতিল না হলে এই আয়ের অঙ্ক আরও বড় হতে পারতো বলে ধারণা করা হচ্ছে। তরুণ প্রজন্মের প্রিয় অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটিও প্রথম দিনে ভালো সাড়া পেয়েছে। ১৪টি শোর মধ্যে ১০টি হাউসফুল নিয়ে সিনেমাটি ১৩.৯৩ লাখ টাকা আয় করে ডাবল ডিজিট কালেকশনের তালিকায় নাম লিখিয়েছে। এদিকে নির্মাতা রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ প্রথম দিনে ১৪টি শোর মধ্যে ১টি হাউসফুলসহ ৬.১২ লাখ টাকা আয় করে মাঝারি মানের ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেছে।

সারাবাংলা/এফএন/এএসজি