উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হচ্ছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে। এরই মধ্যে তার বাবা ও জাতীয় দলের সাবেক কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ ভিসা হাতে পেয়েছেন। আজ সোমবার বিকেলেই এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সংবাদমাধ্যমকে কায়সার হামিদ নিজেই এই খবর নিশ্চিত করেছেন।
কারিনার চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। কায়সার হামিদ জানান, হাসপাতালের বিপুল পরিমাণ বিল এবং এয়ার অ্যাম্বুলেন্সের খরচের জন্য তিনি তার ও তার মায়ের ফিক্সড ডিপোজিট ভেঙেছেন। এমনকি দ্রুত টাকার প্রয়োজনে একটি জমিও বায়না করেছেন। তিনি বলেন, ‘এখন সবচেয়ে বড় বিষয় হলো ওকে নিরাপদে সেখানে নেওয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’ বর্তমানে কারিনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি।
এর আগে গতকাল রোববার কায়সার হামিদ জানিয়েছিলেন যে, চিকিৎসকদের মতে কারিনার শারীরিক জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে এর মধ্যেই তার রক্তচাপ কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
কারিনা কায়সারের অসুস্থতার খবরটি প্রথম সামনে আনেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। গত শনিবার (৯ মে) এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন কারিনা হেপাটাইটিস এ এবং ই-তে আক্রান্ত হয়েছেন, যা থেকে লিভার ফেইলর হয়েছে। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে থাকার পর পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
কারিনার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ডানা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে লিখেছেন, ‘আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না!’ মেধাবী এই কনটেন্ট ক্রিয়েটরের দ্রুত সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থনা করছেন তার অগণিত অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।