ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ এর দ্বিতীয় টিজারটি আজ সন্ধ্যা ৭টায় অফিসিয়ালি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে। রুচি নিবেদিত এবং সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমার নতুন ঝলকটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব খান তার এই টিজার প্রকাশ করেছেন।
সিনেমাটির গল্প ও পরিচালনা করেছেন আজমান রুশো। টিজারটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘আগুন যতো উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও ততো গভীর হয়!’ নিজের অভিনীত চরিত্রের গভীরতা ও সিনেমার মূল দর্শন ফুটিয়ে তুলতে তিনি আরও লিখেছেন, ‘তবুও গভীরতম অন্ধকারেও একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।’ সিনেমার প্রথম ঝলক প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে যে তুমুল আগ্রহ তৈরি হয়েছিল, এই দ্বিতীয় টিজারটি যেন সেই উন্মাদনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগীদের মন্তব্য ও প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। টিজারে তার নতুন লুক, মোটরসাইকেল চালানোর রোমান্টিক দৃশ্য এবং আবহ সঙ্গীত দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে। অনেকেই মন্তব্য করেছেন যে, এই সিনেমায় শাকিব খানকে একদম ভিন্ন এবং আন্তর্জাতিক মানের একটি চরিত্রে আবিষ্কার করা যাচ্ছে। বিশেষ করে তার ফেসবুক পোস্টের রহস্যময় ও কাব্যিক ক্যাপশনটি নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে, যা সিনেমার গল্প সম্পর্কে দর্শকদের কৌতুহল আরও উসকে দিয়েছে। মুক্তির আগেই ‘রকস্টার’ সিনেমাটি নিয়ে দর্শকদের এমন জোরালো আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে, এটি আগামীতে ঢালিউডে নতুন এক মাইলফলক সৃষ্টি করতে যাচ্ছে।