তীব্র গরমে পেটের সমস্যা ঘরে ঘরে লেগেই থাকে। তার ওপর দাওয়াতে ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খেয়ে ফেললে অস্বস্তি আরও বাড়ে। অনেকেই আরাম পেতে কোল্ড ড্রিংকস বা সোডা বেছে নেন, যা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর বদলে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটি বিশেষ পানীয় আপনার পেট ঠান্ডা করার পাশাপাশি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।
প্রয়োজনীয় উপকরণ
মৌরি: ১০০ গ্রাম
আস্ত গোলমরিচ: ১০ গ্রাম
মিছরি: ৩০-৪০ গ্রাম (স্বাদ অনুযায়ী)
পাতিলেবু: ১টি
বিট লবণ: সামান্য
পানি ও বরফ কুচি: পরিমাণমতো
তৈরির পদ্ধতি
প্রথমে পরিষ্কার শুকনো মৌরি, গোলমরিচ এবং মিছরি একসাথে ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিন।
এই পাউডারটি একটি কাঁচের বয়ামে সংরক্ষণ করতে পারেন অনেক দিন।
এবার এক গ্লাস ঠান্ডা পানি নিন। তাতে তৈরি করে রাখা মিশ্রণটি থেকে ২ চা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিন।
এবার তাতে একটি পাতিলেবুর রস এবং স্বাদমতো বিট লবণ মেশান।
সতেজতা বাড়াতে ওপর থেকে কয়েক টুকরো বরফ কুচি ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল আপনার দারুণ কার্যকরী হজমি পানীয়।
কেন এটি খাবেন?
গ্যাস ও পেটফাঁপা দূর: মৌরি পেট ঠান্ডা রাখে এবং দীর্ঘক্ষণ জমে থাকা গ্যাস বের করে দিতে সাহায্য করে।
হজম শক্তি বাড়ায়: গোলমরিচ হজমে প্রয়োজনীয় এনজাইম নিঃসরণ বাড়ায়, যা ভারী খাবার সহজে হজম করে।
শরীরে শীতলতা: মিছরি ও লেবুর সংমিশ্রণ তীব্র গরমে শরীরের জ্বালাপোড়া কমিয়ে প্রশান্তি আনে।
বাজারে কেনা পানীয়র বিকল্প হিসেবে এই প্রাকৃতিক শরবতটি হতে পারে আপনার সুস্থ থাকার সহজ সমাধান। যখনই পেটে অস্বস্তি বোধ করবেন, এই পানীয় হতে পারে সহজ সমাধান।