কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনো সুরাইয়া (৮) নামে অপর এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর তাইবার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাইবা ওই এলাকার ফারুকের মেয়ে। নিখোঁজ সুরাইয়া একই এলাকার সোহেলের মেয়ে।
এ ঘটনায় নিহত ও নিখোঁজ দুই শিশুর পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের কান্নায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু গড়াই নদীতে গোসল করতে নামে। পরে তারা সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা একটি চরের দিকে যাওয়ার সময় স্রোতের কবলে পড়ে। এ সময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করেন। কিন্তু তাইবা ও সুরাইয়া পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
রোববার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাইবার মরদেহ উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ রয়েছে সুরাইয়া। উদ্ধার তৎপরতায় ডুবুরি দলের পাশাপাশি স্থানীয় জেলেরাও নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী বলেন, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুকে উদ্ধারের জন্য ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছেন।