Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে প্রেমিকের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ২১:২২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২৩:৩৫

অভিযুক্ত প্রেমিক মইনুল ইসলাম হিমু

বরিশাল: বরিশাল নগরীর বগুড়া রোড সংলগ্ন মুন্সি গ্যারেজ এলাকায় এক প্রেমিকের ভাড়া বাসা থেকে সানজিদা কবির অনিতা (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিক মইনুল ইসলাম হিমু (৩০) পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নগরের মুনসি গ্যারেজ এলাকার বাড়িটি থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অনিতা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তেগাছিয়া গ্রামের কবির শাহিনের মেয়ে। তিনি একটি নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত মইনুল ইসলাম হিমু ঝালকাঠি সদরের কাটপট্টি এলাকার মিল্টন আকনের ছেলে। তিনি মায়ের সঙ্গে মুন্সি গ্যারেজ এলাকার ‘রাফি মঞ্জিল’ নামক বাসায় ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অনিতা তার প্রেমিক হিমুর বাসায় আসেন। বিকেল ৩টার দিকে পুলিশ খবর পায়, হিমু অনিতাকে হত্যা করে পালিয়ে গেছেন।

‎অভিযুক্ত হিমুর মা জানান, তার ছেলে ও অনিতার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ঘটনার দিন সকালে তিনি অসুস্থতার কারণে বাসার বাইরে ছিলেন। পরে দুপুরে ফিরে এসে দরজা তালাবদ্ধ দেখতে পান। ভেতরে ঢুকে বিছানার ওপর অনিতার নিথর দেহ দেখতে পান বলে দাবি করেন তিনি।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অভিযুক্ত হিমুর মোবাইল ফোন বন্ধ এবং তিনি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত হিমু আগে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন এবং তার বিরুদ্ধে এর আগেও পারিবারিক সহিংসতার অভিযোগ উঠেছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর