কুড়িগ্রাম: জেলার রাজারহাট উপজেলায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের আহবায়ক ও ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সুজন মিয়াসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন। ছাত্র শিবিরের আহতরা হলেন- রাজারহাট উপজেলা শাখার সভাপতি মো. সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম।
জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।