ময়মনসিংহ: জেলার আমির উদ্দিন নামে এক বৃদ্ধকে হত্যা মামলায় লোকমান হোসেন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক কোহিনুর আর্জুমান অভিযুক্ত লোকমান হোসেনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত লোকমান হোসেন জেলার মু্ক্তাগাছার শশরা উত্তর পাড়া গ্রামের মৃত ইসব আলীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল আলম মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকারী সরকারি কৌঁসুলি আলী হায়দার খান দীপু মামলার নথির বরাত দিয়ে বলেন, গত ২০১৯ সালের ১৬ জুন রাত ১০টার দিকে মুক্তাগাছা উপজেলার শশরা উত্তর পাড়া গ্রামের আমির উদ্দিন বাড়ির পাশে বসে ছিলেন।
এসময় পূর্ববিরোধের জেরে লোকমান হোসেন তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আমির উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পরদিন আমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে লোকমান হোসেনকে আসামি করে মামলা করেন।