চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে অবৈধভাবে ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টার অপরাধে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ এপ্রিল) রাতে গোপন সংবাদ পেয়ে শিবগঞ্জ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
অভিযান প্রসঙ্গে ইউএনও মাজহারুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই ড্রাম ভর্তি করে বাল্ক আকারে ভাটায় তেল সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি ড্রামভর্তি মোট ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং পরে সেগুলো পুনরায় পাম্পের ট্যাংকে রাখা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও আরও জানান, এভাবে তেল সরবরাহের ক্ষেত্রে ভবিষ্যতে অবশ্যই প্রশাসনকে আগে জানাতে হবে।
প্রয়োজনীয়তা যাচাই সাপেক্ষে অনুমতির বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে পাম্প মালিককে ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।