সুনামগঞ্জ: জেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে আরও ৩ জন আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে জমির উদ্দিন ও একই উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন। এছাড়া, জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের রূপাবলী গ্রামের আবু সালেক (২০)
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেখার হাওরে অন্যান্য কৃষকদের সঙ্গে ধান কাটতে যান জমির উদ্দিন। এসময় আকস্মিক বজ্রপাতে জমির উদ্দিন আহত হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে একই সময় গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের জমির হোসন বাড়ি থেকে বের হয়ে বৈটাখালি নদীঘাটে দোকান খুলতে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে আহত হন। অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের রূপাবলী গ্রামের আবু সালেক (২০) হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। এদিকে শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আরও ৩ জন আহতের ঘটনা ঘটেছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন সেখ তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, ‘ আজ দুপুরে বজ্রপাতের ঘটনায় ৩ জন মারা গেছেন।’
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, দুপুরে বজ্রপাতের ঘটনায় ৩ জন মারা গেছেন।