ঢাকা: একদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (১৩ জুন) কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সফরের চূড়ান্ত সময়সূচি জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি তিনি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।
তিনি আরও বলেন, দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। সেখান থেকে তিনি জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাড়িতে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় চকরিয়া বাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নিয়ে মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন তিনি। রাত ১০টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।