সুনামগঞ্জ: হাওড় অঞ্চলে চলমান ফসলরক্ষা সংকট, আগাম বন্যার আশঙ্কা এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ৪৭ সদস্যবিশিষ্ট বিশেষ পর্যবেক্ষণ টিম গঠন করেছে ‘হাওড় ও নদী রক্ষা আন্দোলন’-এর সুনামগঞ্জ জেলা শাখা।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সংগঠনটির সভাপতি মো. রাজু আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের যৌথ সাংগঠনিক সিদ্ধান্তে এ টিম গঠন করা হয়। এতে সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা এবং বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, পর্যবেক্ষণ টিমে রয়েছেন সভাপতি, সহ-সভাপতি ছয়জন, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক দুইজন, সাংগঠনিক সম্পাদক পাঁচজন, বাঁধ বিষয়ক সম্পাদক পাঁচজন, আইন বিষয়ক সম্পাদক দুইজন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক এবং ১২টি উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিবসহ মোট ২৪ জন প্রতিনিধি।
অন্যান্য সম্পাদকমণ্ডলী ও সদস্যদেরও এ টিমে যুক্ত করা হবে। কোনো দায়িত্বশীল ব্যক্তি সময় দিতে না পারলে বিকল্প প্রতিনিধি নির্ধারণ করে নাম ও মোবাইল নম্বর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
টিমের প্রধান দায়িত্ব হাওড় অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। এর মধ্যে থাকবে হাওড়ের বর্তমান অবস্থা, ফসলরক্ষা বাঁধের পরিস্থিতি, সম্ভাব্য ফসলহানির তথ্য, পাহাড়ি ঢল ও বন্যার খবর এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ।
এ ছাড়া, বাঁধ ভেঙে গেলে বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে ছবি ও ভিডিও ধারণ করে জেলা টিম ও মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য দ্রুত সংগ্রহ, সংরক্ষণ এবং প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।