সাতক্ষীরা: নিজ অফিসে বসে প্রকাশ্যে ঘুষ নেওয়ার ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরার কালীগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) হিসাবরক্ষক মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে না, তার জবাব আগামী ১০ কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান প্রকৌশলীর ওই চিঠি কালীগঞ্জ কার্যালয়ে পৌঁছানোর পর থেকেই মোস্তাফিজুর রহমান আত্মগোপনে রয়েছেন।
জানা গেছে, মোস্তাফিজুর গত বছরের ২৫ মে এই অফিসে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। এর আগেও যেখানেই তিনি কর্মরত ছিলেন, সেখানেই তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় কোনো জায়গায় তিনি দীর্ঘস্থায়ী হতে পারেননি।
প্রধান প্রকৌশলীর আদেশে উল্লেখ করা হয়েছে, ‘হিসাবরক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, তিনি দাফতরিক টেবিলে বসে দুজনের কাছ থেকে টাকা গুনে নিচ্ছেন। সরকারি অফিসে বসে এমন কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে।’
আদেশে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) বিধি অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। তবে ১০ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় মামলা ও স্থায়ী বরখাস্তের ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।