সাতক্ষীরা: জেলার ৩৩ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
শুক্রবার (১ মে) ভোর থেকে দিনভর কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শাদমান সাকিব জানিয়েছেন, কলারোয়ার কাকডাঙ্গা বিওপির পৃথক অভিযানে কেড়াগাছি ও গেড়াখালী থেকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় মোবাইল যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করা হয়।
মাদরা বিওপির একটি দল উত্তর ভাদিয়ালী থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ আটক করে। অন্যদিকে, সদরের বৈকারী বিওপি কালিয়ানী পূর্বপাড়া থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।
এছাড়া কালিয়ানী বিওপির অভিযানে নীলকুঠির নামক স্থান থেকে আরও আড়াই কোটি টাকা মূল্যের আইস উদ্ধার করা হয়। সব মিলিয়ে প্রায় ৬ কোটি টাকার মাদক ও পণ্য বিজিবি সদর দফতরে জমা দেওয়া হয়েছে। তবে অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।