পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে ‘বাউফল ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।
রোববার (৩ মে) রাত পৌনে ১২টার দিকে দশমিনা থেকে ছেড়ে আসা বাসটি উপজেলার আফসের গ্যারেজ এলাকায় পৌঁছালে উলটে পাশের খাদে পড়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তি বাসের সুপারভাইজার এবং সে বাউফল উপজেলার বামনিকাঠি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দশমিনা বাসষ্টান্ড থেকে রাত ১০টায় বাউফল ট্রাভেলসের একটি বাস প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। বাউফল উপজেলা সদর ইউনিয়নের আফরের গ্যারেজ পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার কাজে যোগ দিয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় ও বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন।
মাহাবুব নামের দশমিনা থানার একজন যাত্রী বলেন, বাসটি কেঁপে উঠছিলো। মাত্র ৫ সেকেন্ডের মধ্যে উলটে খাদে পড়ে যায়। তিনি জানান বাসের নিচে আরও মানুষ চাপা পড়ে আছে অন্তত ৪/৫জন হবে।
এ বিষয়ে বাউফল থানার অবিচার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এখনও ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা নিরুপন করা সম্ভব হয়নি। বাসটি টেনে তুলতে পারলে বলা যাবে। বাসের নিচে কেউ চাপা পড়ে থাকতে পারে।