ঢাকা: রাজধানীর মহাখালী আমতলীতে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৮টার দিকে রফিক (৩৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন, বাস যাত্রী রনি (২৫) ও ফিরোজ (৪০)।
ফায়ার সার্ভিস সদস্যরা ও নিহত রফিকের ভগ্নিপতি মো. রনি জানান, ভাটি বাংলা এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উলটে যায়। এতে বাসে থাকা যাত্রী ও হেল্পার আহত হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রনি আরও জানান, নিহত রফিক ওই গাড়ির হেলপার। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। ৩ দিন আগে কাজে এসেছিল সে। আজ সকালেই বাড়ি ফেরার কথা ছিল তার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতদের জরুরই বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।