ঢাকা: দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে মন্ত্রীর দফতরে ভারতের চেন্নাইভিত্তিক বহুজাতিক পানি প্রযুক্তি প্রতিষ্ঠান VA Tech Wabag Ltd–এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাইলেশ কুমারের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দেশের পানি ব্যবস্থাপনা, পানি পরিশোধন প্রক্রিয়া এবং নিরাপদ পানির মান নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অপ্রয়োজনীয় বিলম্ব দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করে। তাই দ্রুততার পাশাপাশি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করাও জরুরি।’
মন্ত্রী আরও বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য আধুনিক পানি ও বর্জ্য পানি শোধন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।’
তিনি দেশের নদ-নদীর দূষণ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
বৈঠকে বিশেষভাবে বুড়িগঙ্গা নদীর পানির মান নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে তার আগের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।