বান্দরবান: বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র সুপেয় পানির সংকটে ভোগা ম্রো সম্প্রদায়ের মানুষের মাঝে স্বস্তি ফিরিয়েছে নতুন পানি সরবরাহ উদ্যোগে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ পাহাড়ি জনগোষ্ঠীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী এর ব্যক্তিগত অর্থায়নে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে চিম্বুক রেঞ্জের ২১টি স্পটে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।
মূলত, শুষ্ক মৌসুম এলেই চরম পানির সংকটে পড়তে হয় চিম্বুক রেঞ্জের দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের। খাবার পানির জন্য অনেক সময় কয়েক কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হতো স্থানীয়দের। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ কমাতে সংসদ সদস্য সাচিংপ্রু জেরীর ব্যক্তিগত উদ্যোগে পাহাড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পানি সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার আওতায় আনা হয় ২১টি স্পট। এতে করে কয়েকশ পরিবারের সুপেয় পানির চাহিদা অনেকটাই পূরণ হবে বলে আশা করছেন এলাকাবাসী।
এদিকে দীর্ঘদিন পর এমন একটি উদ্যোগ তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে। শুষ্ক মৌসুমে পানির জন্য আর আগের মতো কষ্ট করতে হবে না বলেও আশা প্রকাশ করেন স্থানীয়রা।
সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেন, পাহাড়ের মানুষের মৌলিক চাহিদা পূরণে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।