ফরিদপুর: লেবাননের এর রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা বিস্ফোরণে নিহত বাংলাদেশী নাগরিক দিপালী আক্তারের লাশ দেশে এসেছে।
শুক্রবার (৮ মে) সকাল দশটায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর মুন্সির চর বাজারের ঈদগা মাঠে জানাজা শেষে মোল্লার ডাংগি গ্রামে দীপালির বাবার নিজস্ব জমিতে তার দাফন সম্পন্ন হয়।
সকাল ৮:৪০ মিনিটে দীপালীর মরদেহ বাড়িতে এসে পৌঁছলে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের বোন লাইজু আক্তার জানান, গত রাত ১১টা ১৯ মিনিটে বিমানে তার বোনের মরদেহ আসে। ১২টার মধ্যে বিমানবন্দরে তাদের বোনের লাশ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। মরদেহ হস্তান্তরসহ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সসহ সব ধরনের ব্যবস্থা করে দেন। এরপর মরদেহবাহী এ্যাম্বুলেন্সে দোহার মইনুট ঘাটে পৌঁছে দেওয়ার পর ভোরে ট্রলারে করে নদী পাড়ি দিয়ে চরসালেপুর বাড়িতে আসে তারা।
চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন জানান, দিপালী চরভদ্রাসন উপজেলার পদ্মা নদী বেষ্টিত চর শালেপুর গ্রামের মুকা শেখ এর মেয়ে। জীবিকার সন্ধানে লেবাননে পাড়ি দিয়েছিলেন তিনি। মধ্যপ্রাচ্যের সংঘাতে বোমা বিস্ফোরণে গত ৮ এপ্রিল লেবাননে প্রাণ হারান দীপালী বেগম। প্রায় এক মাস পর বৃহস্পতিবার (৭ মে) রাতে তার মরদেহ ঢাকা এসে পৌঁছায়। পরে শুক্রবার সকালে মরদেহ নিজ বাড়ি ফরিদপুরের চরভদ্রাসনে আনা হয়।