সিরাজগঞ্জ: মাদকমুক্ত সমাজ গড়তে শিশু-কিশোরদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, পাড়া-মহল্লার প্রতিটি খালি জায়গায় খেলার মাঠ তৈরি করতে হবে, যাতে ছেলে-মেয়েরা মাদকের দিকে না ছুটে খেলায় মনোনিবেশ করে।
শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার আটটি দল অংশ নিচ্ছে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল ধারায় গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিশুদের মোবাইলফোন ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হলে মাঠমুখী করতে হবে। খেলাধুলা শুধু শরীরই সুস্থ রাখে না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমও শেখায়।’
তিনি আরও বলেন, ‘সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও খেলাধুলাকে সমানভাবে এগিয়ে নিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ। তিনি বলেন, ‘যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠে যারা সময় দেয়, তারা সাধারণত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায় না। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা আরও বাড়াতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এতে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক মূল্যবোধও তৈরি হয়।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাব উদ্দিন। এ সময় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিশুদের ক্রীড়ামুখী করা ও মেধা বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।