Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১৪:৫৬

বজ্রপাতে আহত গৃহবধূকে নেওয়া হচ্ছে হাসপাতালে।

কুড়িগ্রাম: জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় এক কিশোর ও এক গৃহবধু আহত হয়।

শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন। নিহত রিয়াজুল উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর সন্তান।

তার পরিবার জানায়, সকালে রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যায়। ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাত ঘটলে মাঠেই বজ্রাঘাতে গুরুতর আহত হয় রিয়াজুল। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে বায়েজিদ (১৫) ও একই এলাকার গৃহবধু ইসমত আরা রান্নাঘরে থাকা অবস্থায় আহত হয়। তাদের দু’জনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আহত বায়েজিদের পিতা আশরাফুল ইসলাম বলেন, ‘বৃষ্টি শুরু হলে ছেলেকে মাঠে ছাগল আনতে পাঠাই। এ সময় বজ্রপাত ঘটলে আমার ছেলে আহত হয়।’

পুলিশ কর্মকর্তা অর্পণ কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর