Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো মাসুদ উদ্দিন চৌধুরীকে

স্টাফ করেসপন্ডেট
১৮ মে ২০২৬ ১৪:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় আগে থেকেই গ্রেফতার থাকা সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে এবার দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালত এ আদেশ দেন।

সোমবার (১৮ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।

আদালতে দেওয়া আবেদনে দুদক জানায়, ‘মাসুদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্টরা যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর এজেন্ট হিসেবে নিয়োগ পান। সরকার নির্ধারিত ফি ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা; তবে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন ধাপে বাড়তি অর্থ নিয়ে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।’

বিজ্ঞাপন

দুদকের ভাষ্য, ‘আত্মসাৎ করা অর্থ বিভিন্ন উপায়ে স্থানান্তর, রূপান্তর ও পাচারের মাধ্যমে গোপন করা হয়। এ ঘটনায় দণ্ডবিধি, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে এবং আসামি জামিনে মুক্তি পেলে তদন্তে প্রভাব ফেলতে পারেন এমন আশঙ্কা থেকে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।’

এর আগে গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরদিন পল্টন মডেল থানার এক মামলায় আদালত তাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। পরে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর