Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে অস্ত্রের ভয় দেখিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৯:৩৫

ডাকাতির পরে প্রবাসীর বাড়ির চিত্র।

চাঁদপুর: জেলার ফরিদগঞ্জে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।

সোমবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামে মো. বিল্লাল হোসেনের বসতবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

ভুক্তভোগী বিল্লাল হোসেনের স্ত্রী মোসাম্মদ খুর্শিদা বেগম বলেন, ‘আমার ছেলে প্রবাসে থাকে। মেয়েরা থাকে তাদের স্বামীর বাড়িতে। একমাত্র ছেলের বউ ছিল তার বাবার বাড়িতে। আমার স্বামী ঢাকাতে ছিলেন। প্রতিদিনের মতো সোমবার রাত ১১টার দিকে খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। রাত ২টা নাগাদ বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ডাকাতদল প্রবেশ করে। এ সময় আমি ঘুম থেকে জাগ্রত হলে ডাকাত দলের সদস্যরা আমাকে মারধর করে ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে।’

বিজ্ঞাপন

থানায় অভিযোগের তথ্যমতে, ডাকাতদলের সদস্যরা ভুক্তভোগীর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুলসহ ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, দুইটি স্মার্টফোন, ১১টি বিদেশি কম্বল, কসমেটিক্সসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতদল চলে গেলে তার চিৎকারে প্রতিবেশীরা এসে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতদল ডাকাতি করার সময় গৃহকর্ত্রীকে দেখে ফেলায় তাকে মারধর করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি চুরি ও ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর