Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৯:৪১

বাজার তদারকিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় মেসার্স টি.জে.ফুড প্রোডাক্টস নামে এক বেকারির স্বত্বাধিকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ জুন) উপজেলার মুন্সীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (২ জুন) আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ বাজার এলাকায় বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য, বেকারি, ওষুধ ও জ্বালানি তেল বিক্রির প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য তথ্য না থাকা, আয়োডিন বিহীন শিল্পে ব্যবহৃত লবণ ব্যবহার, অপরিচ্ছন্ন জায়গায় বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মেসার্স টি.জে.ফুড প্রোডাক্টস বেকারির স্বত্বাধিকারী তারিকুল ইসলামকে ৬০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য নির্দেশনা দেওয়া হয়।

এসময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনা-বেচা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, মানহীন পণ্য ও শিশু খাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

তদারকির কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।