বাগেরহাট: মোংলার সুন্দরবনের জয়মনিরঘোলে কোস্ট গার্ডের হাড়বাড়িয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ আরও ২৫০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলায় শুক্রবার (১২ জুন) দুপুর পর্যন্ত ছয়জন আসামিকে আটক করেছে যৌথবাহিনী। বাকি আসামিদের আটক করতে যৌথবাহিনীর অভিযান চলছে।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, বৃহস্পতিবার (১১ জুন) সকালে মোংলার জয়মনিরঘোল এলাকায় অবস্থিত কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাংচুর চালায়। এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে একটি মামলা দায়ের হলে ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মুক্তা খাতুন (৩০), লিজা ইসলাম (২৩), তাসলিমা বেগম (৫০), সুলতান শেখ (৫৫), মহারাজ খান (৫০) ও শাহজালাল ফরাজী (২০)।
কোস্ট গার্ড পশ্চিমের জোনাল কমান্ডার এম. মিসবাউল ইসলাম জানান, মোংলার জয়মনিরঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় ওই এলাকায় কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়েছে। এর ফলে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হওয়ায় তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই বনদস্যু ও তাদের সহযোগীরা ওই এলাকায় কোস্ট গার্ডের স্টেশন ও কোস্ট গার্ডের উপস্থিতি চায় না। সেজন্যই দস্যুতা ও দস্যু পরিবারের সঙ্গে জড়িত দুর্বৃত্তরা কোস্ট গার্ড স্টেশনে এ হামলা চালিয়েছে।