চুয়াডাঙ্গা: জেলায় মাদকবিরোধী অভিযানে নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) বেলা পৌনে ৩টায় দর্শনা বাসস্ট্যান্ডের শাপলা ক্লিনিকের সামনের একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন— দর্শনা পৌরসভার মোহাম্মদপুরের মৃত আব্দুস সাত্তারের ছেলে সাগর হোসেন (২০), সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের মৃত আনোয়ার হোসেনের ছেলে সাব্বির আহমেদ সোহাগ (২৯) এবং একই এলাকার আব্দুল খালেকের ছেলে নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিব ফাহিম মুনতাছির (৩৫)। এসময় চায়ের দোকানি মিজানুর রহমান (৫০) কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং তত্ত্বাবধায়নে দর্শনা থানার এসআই আমানত উল্লাহসহ একদল পুলিশ সদস্য মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ডের শাপলা ক্লিনিকের সামনে অবস্থিত পলাতক চায়ের দোকানি মিজানুর রহমানের চায়ের দোকান থেকে ওই ৩ জনকে আটক করা হয়। সেসময় তাদের হেফাজত থেকে ৩ বোতল মাদকদ্রব্য WINCEREX উদ্ধার করে তা জনসম্মুখে জব্দ করা হয়। এই মাদকদ্রব্যের তালিকা মূল্য ৯ হাজার টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।