বেনাপোল: যশোরের শার্শায় সংবাদ প্রকাশের জেরে আতিকুজ্জামান নামের এক স্থানীয় সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আরিকুল ইসলাম নামের এক তালিকাভুক্ত মাদক ও অস্ত্র ব্যবসায়ী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আতিকুজ্জামান ‘দৈনিক যশোর বার্তা’ ও ‘দৈনিক বাংলাদেশ রয়টার্স’ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি।
ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি শার্শা রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী আরিকুল ইসলাম হঠাৎ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজ করতে নিষেধ করলে আরিকুল ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর করে আহত করে। একপর্যায়ে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারী আরিকুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারী আরিকুল ইসলাম শার্শার চটকাপোতা গ্রামের বাসিন্দা এবং পুলিশের তালিকাভুক্ত একজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিগত ক্ষমতাসীন দলের সময় ছাত্রসংগঠন ছাত্রলীগের নাম ভাঙিয়ে আরিকুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও অস্ত্রের সাম্রাজ্য গড়ে তোলে এবং বর্তমানেও সে বহাল তবিয়তে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাকে একাধিকবার গ্রেফতার করার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় সে স্থানীয় সংবাদকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত ছিল। সেই ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।’
এদিকে দিনে-দুপুরে একজন পেশাদার সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শার্শার গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে হামলাকারী আরিকুলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।