ভোলা: অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ বাতিল ও স্থায়ী নিয়োগ চালুসহ ১২ দফা দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) কর্মীরা।
শনিবার (২৭ জুন) সকালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) ভোলা অফিস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।
মানববন্ধনে বক্তব্য দেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভোলা শাখার সভাপতি এস. এম. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহসহ অনেকে। এ সময় ইউনিয়নের বিভিন্ন নেতারা, পিচরেট শ্রমিকসহ সংশ্লিষ্ট নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ওজোপাডিকোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর, গ্রাহকসেবার মানোন্নয়ন, চাকরির শর্তের উন্নয়ন, অর্গানোগ্রাম সংশোধন, নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা, বেতন-ভাতা সংক্রান্ত সমস্যা সমাধান, শ্রম আইন, বিধিমালা, আইএলও কনভেনশন, সার্বজনীন মানবাধিকার ঘোষণা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি বৈষম্য দূরীকরণ, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক বৃদ্ধি, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, উন্নত কর্মপরিবেশ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভিন্ন মতাদর্শের কারণে কোনো কর্মচারীকে চাকরির সুবিধা থেকে বঞ্চিত না করার দাবিও জানান তারা।
এ ছাড়াও, বক্তারা ওজোপাডিকোর অর্গানোগ্রাম সংশোধন করে স্থায়ী পদ বৃদ্ধির জোরালো দাবি জানিয়েছেন। এ সময় ১২ দফা দাবি পূরণে সরকারের হস্তক্ষেপও কামনা করেন তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতা-কর্মীরা।