নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস বিস্ফোরণে এক পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় গৃহকর্তা আব্দুল কাদির (৫০) মারা গেছেন।
শুক্রবার (১৫ মে) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, আব্দুল কাদিরের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে আব্দুল কাদিরের ছেলে মেহেদি ১৮ শতাংশ, সাকিব ১৭ শতাংশ ও রাকিবে ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তাদের শ্বাসনালীর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তিনজনের অবস্থা গুরুতর।
এর আগে, গত সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখিবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় আব্দুল কাদির(৫০) তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও তার জমজ ভাই রাকিব (১৬)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. ফারুক জানান, একতলা ভবনটিতে ভাড়া থাকেন আব্দুল কাদিরের পরিবার। তিনি তিন ছেলে এবং স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। সোমবার সকালে তাদের বাসায় বিকট একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ জেগে ওঠে। তখন সবাই দৌড়ে গিয়ে দেখেন, ওই বাড়িটির দরজা, জানলা ভেঙে পড়েছে। ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় একে একে বের হচ্ছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, ওই বাসার গ্যাস লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে এটি কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না।
জানা যায়, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। আব্দুল কাদের অটোরিকশাচালক। আর তার ছেলে মেহেদি হালিম বিক্রেতা, সাকিব একটি কারখানায় কাজ করে এবং রাকিব চটপটি বিক্রি করেন। ঘটনার সময় ৩ ছেলে ও বাবা ঘুমিয়েছিলেন। আর তাদের মা রান্নার কাজের জন্য পানি সংগ্রহ করতে ঘরের বাইরে ছিলেন। তখনই এই দুর্ঘটনা ঘটলে ভাগ্যক্রমে বেঁচে যান তিনি।