Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্তব্যের আড়ালে চাপা পড়ে থাকা ঈদের আনন্দ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১৯:৫২

ঈদের দিনেও দায়িত্ব পালনে ব্যস্ত চিকিৎসক।

ঢাকা: পবিত্র ঈদুল আজহার ছুটিতে যখন রাজধানীজুড়ে উৎসবের আমেজ, তখনও একদল মানুষ দায়িত্ব পালনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মস্থলে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ না পেলেও তাদের নিরলস দায়িত্ব পালনের মধ্য দিয়েই সচল থাকছে নগরজীবন ও জরুরি সেবা কার্যক্রম।

ঈদের দিন রাজধানীর বিভিন্ন হাসপাতাল, গণমাধ্যম, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বিভাগে কর্মরত ব্যক্তিদের অনেকেই ছুটি পাননি। বিশেষ করে দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের ব্যস্ততা ছিল অন্যদিনের মতোই।

হাসপাতালের চিকিৎসক কুসুম বলেন, ‘ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দের সময়। কিন্তু হাসপাতালের রোগীদের তো আর উৎসব বলে থেমে থাকার সুযোগ নেই। তাই দায়িত্বের জায়গা থেকে আমরা সবসময় প্রস্তুত থাকি। রোগীরা যেন কোনো ধরনের সেবা থেকে বঞ্চিত না হন, সেটাই আমাদের লক্ষ্য থাকে।’

বিজ্ঞাপন

এ ছাড়া ঈদের দিনও গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকায়। সংবাদ সংগ্রহ, সরাসরি সম্প্রচার ও বিশেষ অনুষ্ঠান প্রচারে ব্যস্ত ছিলেন সাংবাদিক ও ক্যামেরাপারসনরা। সহকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ই ছিল তাদের ঈদ উদযাপনের অংশ।

অন্যদিকে নগরের নিরাপত্তা নিশ্চিতে সড়কে দায়িত্ব পালন করেছেন ট্রাফিক পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফাঁকা সড়কে দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। একইভাবে বিভিন্ন ব্যাংক, শপিং মল ও আবাসিক ভবনের নিরাপত্তায় নিয়োজিত সিকিউরিটি গার্ডদেরও ঈদ কেটেছে কর্মস্থলেই।

রাজধানীর মিরপুর-১০ এলাকায় দায়িত্ব পালনরত জাহাঙ্গীর আলম বলেন, ‘বাড়ির সবার সঙ্গে ফোনে একটু কথা বলা আর সেই ফোনে বাড়ি থেকে আসা কান্নার সুরের মাঝে ডিউটি করা-ই আমাদের ঈদ।’

নিজেদের ব্যক্তিগত আনন্দকে পেছনে রেখে দায়িত্ব পালন করা এসব মানুষের কারণেই উৎসবের দিনেও সচল থাকে নগরজীবন। কোলাহলমুখর ঈদের আনন্দের আড়ালে তাদের নীরব ত্যাগই অনেকের উৎসবকে নিরাপদ ও স্বস্তিময় করে তোলে।

সারাবাংলা/এনএল/এআর