Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ২০:১৭

নিহত শিশু রাফা মনি কবিতা। ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ৭ মাস বয়সি এক শিশুকে আছাড় মেরে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির বাবা অভিযুক্ত কবির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগ কামারপাড়ার ফুলবাড়িয়া বস্তিতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রাফা মনি কবিতা। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। বর্তমানে তুরাগের ওই বস্তিতে থাকে তার পরিবার। শিশুটির বাবা কবির হোসেন পেশায় একজন রিকশাচালক।

রাফা’র মা লিমা জানান, বুধবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে লিমার কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেয় কবির। এরপর শিশু রাফাকে মাটিতে আছড়ে ফেলে। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে বুধবার মধ্যরাতে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে শিশুটি মারা যায়।

বিজ্ঞাপন

লিমা’র অভিযোগ, তার স্বামী কবির হোসেন নিয়মিত কাজ করতেন না। মাঝেমধ্যে নেশাও করতেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক ঝামেলা চলতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পেয়ে বুধবার রাতেই শিশুটির বাবা রিকশাচালক কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের কারণে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুটিকে আছাড় মারে তার বাবা। কবির হোসেন মাদকাসক্ত। এই ঘটনায় একটি হত্যা মামলার পর তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

আরো