Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সাড়ে ৭ লাখ শিশু পাবে হামের টিকা

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ২৩:৫৪

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে হামের টিকা প্রদানসংক্রান্ত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের ১৫টি উপজেলায় ৭ লাখ ৬৭ হাজার ৯৫২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিভিল সার্জন কার্যালয়। সোমবার (১৯ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে এ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত।

রোববার (১৯ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ও বিপজ্জনক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এই রোগ এবং এর জটিলতা থেকে শিশুদের বাঁচাতে সঠিক সময়ে টিকা দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অসুস্থ বা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া যাবে না এবং অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে কোনো শিশুকে টিকা প্রদান করা হবে না। নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রমের পাশাপাশি এ বিশেষ ক্যাম্পেইনটি চলবে, যাতে কোনো শিশুই সুরক্ষার বাইরে না থাকে। অভিভাবকদের সুবিধার্থে অনলাইনে নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে, যার মাধ্যমে তারা টিকার কার্ড সংগ্রহ করতে পারবেন।’

জানা গেছে, চট্টগ্রামের ১৫টি উপজেলার মোট ২০০টি ইউনিয়ন এবং ৬০০টি ওয়ার্ডে এ টিকাদান কার্যক্রম চলবে। মাঠপর্যায়ে টিকা প্রদানের জন্য মোট ৪ হাজার ৮১৫টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে জেলায় ৯২৯ জন মাঠকর্মী, ৫২৪ জন সিএইচসিপি এবং ৩৭১ জন মেডিকেল অফিসার নিয়োজিত থাকবেন।

সোমবার থেকে ১১ কার্যদিবসে হাম-রুবেলা টিকাদান চলবে। এ সময়ে ১ লাখ ৫১ হাজার ৭৫৫ জন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৬ লাখ ১৬ হাজার ১৯৭ জন কমিউনিটি পর্যায়ের শিশুকে টিকার আওতায় আনার জন্য কাজ করছে সিভিল সার্জন কার্যালয়। এই কয়দিনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। যদি কোনো শিশু আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা পেয়ে থাকে, তবুও তাকে এই বিশেষ ক্যাম্পেইনে পুনরায় টিকা দিতে হবে।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর