Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ কুইচি

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৬:১০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৭:০৭

চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম: মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুই চি’।

বুধবার (২৯ এপ্রিল) রাতে জাহাজটি বন্দরে পৌঁছানোর কথা থাকলেও, বৈরী আবহাওয়ার কারণে দেরিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এটি বহির্নোঙরে এসে পৌঁছায়।

এপ্রিল মাসে দেশে আসা অকটেনের তৃতীয় চালান এটি। এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে এসে পৌঁছেছিল।

সংশ্লিষ্টদের মতে, দেশে দৈনিক অকটেনের চাহিদা প্রায় ১ হাজার ২৫০ টন। সেই হিসাবে এক মাসে আসা এই ৭৯ হাজার টন অকটেন দিয়ে দুই মাসেরও বেশি সময়ের চাহিদা মেটানো সম্ভব।

বিজ্ঞাপন

প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বৈরী আবহাওয়া এবং সমুদ্র উত্তাল থাকায় জাহাজটি স্বাভাবিক গতিতে চলতে পারেনি। এ কারণেই পৌঁছাতে প্রায় ১৫ ঘণ্টা বিলম্ব হয়েছে।’

তিনি জানান, আগে থেকেই বহির্নোঙরে পাঁচটি জাহাজ অপেক্ষমাণ ছিল। এর মধ্যে মঙ্গলবার তিনটি জাহাজ জেটিতে ভিড়িয়ে (বার্থিং) তেল খালাস শুরু হয়েছে। অপেক্ষায় থাকা বাকি দুই জাহাজের সঙ্গে মঙ্গলবার আরও দুটি জাহাজ যুক্ত হয়। আর সকালে মালয়েশিয়া থেকে অকটেন নিয়ে সর্বশেষ জাহাজটি এসে ভিড়ল।

এর আগে গত মঙ্গলবার হংকংয়ের পতাকাবাহী ‘গ্রান কুভা’ নামের একটি জাহাজ ভারত থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। একই দিন রাত ১১টার দিকে চীন থেকে ১০ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে আসে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘হাফনিয়া মার্লিন’।

সারাবাংলা/এসএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর