চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেনকে (২৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৬ মে) সকালে র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, শুক্রবার (১৫ মে) রাতে নগরীর চান্দগাঁও থানা এলাকায় র্যাব-৭, এবং র্যাব-৮ এর যৌথ আভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইকবাল হোসেন ভোলার লালমোহন থানার খাইগোবাড়ি এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, ২০১৭ সালের মার্চ মাসে বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি ইকবাল হোসেনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। রায়ের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন আসামি।