ঢাকা: মানব পাচার মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর শুনানি শেষে আদালত প্রাঙ্গণে তার ওপর ১০টি ডিম ছুড়ে মারেন এবং বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তুলে রিমান্ড আবেদন করা হলে আমিনুল ইসলাম জুনাইদের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আদেশ শেষে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। যাকে এক সময় টর্চার করে হত্যা করতে চেয়েছিলেন এই কর্মকর্তা, তিনিই আজ দেশের প্রধানমন্ত্রী।
এর আগে, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারার ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে মানবপাচার মামলায় গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি, হত্যাসহ ফেনী জেলায় ৬টি ও ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫টিসহ মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এবং সিআইডিতে একাধিক অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে।