Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা রাবি উপাচার্যের

রাবি করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১৬:২৩ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৬:২৪

মতবিনিময় সভায় কথা বলছেন রাবি উপাচার্য।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিরাজমান সেশনজট নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

রবিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষদসমূহের ডিন ও বিভাগসমূহের সভাপতিদের সাথে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এ সময় উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম নির্ধারিত সময়ে ক্লাস শুরু করা, যথাসময়ে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করে সে অনুযায়ী ক্লাস-পরীক্ষা ও ফল প্রকাশ নিশ্চিত করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি অধিকর্তা ও সভাপতিগণকে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং এই সকল বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

এ ছাড়াও, যেসব বিভাগে সেশনজট নেই সেসব বিভাগের সভাপতি ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সেশনজট রয়েছে এমন বিভাগসমূহের সেশনজট শূন্যের পর্যায়ে নিয়ে আসার জন্য সময়সূচিসহ সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর জন্যও নির্দেশনা দেন তিনি।

সভায় উপস্থিত অনুষদ অধিকর্তা ও বিভাগীয় সভাপতিগণ নিজ নিজ অনুষদ ও বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি ও বিদ্যমান সমস্যাবলী এবং সে সব নিরসনের জন্য করণীয় সম্পর্কে মতামত দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসুদ, কলা অনুষদের ডীন প্রফেসর ড. বেলাল হোসেন সহ বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগসমূহের সভাপতি, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক, ঊর্ধ্বতন প্রশাসনিক ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বৈশাখে স্নিগ্ধ অপু বিশ্বাস
১৪ এপ্রিল ২০২৬ ১৭:৪৬

আরো

সম্পর্কিত খবর