Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেমসের গানে বৈশাখী উন্মাদনায় পাবনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬ ১৭:৩০

নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে দেশজুড়ে বইছে উৎসবের হাওয়া। রাজধানী থেকে জেলা শহর— সর্বত্রই বৈশাখী মেলা, গান আর নাচে মুখর জনপদ। এরই ধারাবাহিকতায় এবার নববর্ষের বিশেষ উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পাবনা। শহরের ঐতিহ্যবাহী অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকেই বর্ণাঢ্য সাংস্কৃতিক মহোৎসব। দিনব্যাপী এই আয়োজনে সংগীত ও নৃত্যের যে জাঁকজমকপূর্ণ সূচি সাজানো হয়েছে, তা ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা।

এবারের এই বৈশাখী আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে আসছেন বাংলা রক সংগীতের কিংবদন্তি, ‘নগরবাউল’ জেমস। তার গিটারের ঝংকার আর চিরচেনা কণ্ঠের জাদুতে মেতে উঠবে পাবনার শ্রোতারা। জেমসের পাশাপাশি এই মঞ্চে সুরের মায়া ছড়াবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এবং পাওয়ার হাউস খ্যাত ঐশী। এছাড়াও শ্রোতাদের বাড়তি পাওনা হিসেবে থাকছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন প্রতিযোগীর শেকড় সন্ধানী গানের পরিবেশনা।

বিজ্ঞাপন

শুধু গান নয়, বৈশাখের এই অনুষ্ঠানকে বর্ণিল করতে থাকছে নৃত্যের ঝলকানি। বিশেষ পারফরম্যান্সে দর্শকদের মাতাবেন মন্দিরা চক্রবর্তী এবং সোহাগ ড্যান্স ট্রুপ। পুরো অনুষ্ঠানটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অজয় পোদ্দার এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখবেন আলিফ। আয়োজকদের প্রত্যাশা, নববর্ষের প্রথম দিনেই জেমস আর তারুণ্যের সুরের এই সংমিশ্রণ পাবনার সাংস্কৃতিক আঙিনায় এক স্মরণীয় মাত্রা যোগ করবে। সব মিলিয়ে পাবনার এই মেলা যেন হয়ে উঠছে তারুণ্য আর ঐতিহ্যের এক মহা মিলনমেলা।

সারাবাংলা/এফএন/এএসজি