Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১০:০১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১১:২৮

ছবি: সংগৃহীত।

‎‎ঢাকা: ‎আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। রুটিন অনুযায়ী, প্রথম দিনে বাংলা বিষয়ের মাধ্যমে শুরু হবে এ পরীক্ষা।

মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হওয়া এই পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে ব্যাবহারিক পরীক্ষা। ১৮ জুনের মধ্যে যাবতীয় আনুষঙ্গিক কাগজপত্র মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‎গত শনিবার (১৮ এপ্রিল) এক বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের যানজট ও জনদুর্ভোগ এড়াতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে। তবে পরীক্ষাকক্ষে আসন গ্রহণের নির্ধারিত সময় আগের মতোই বহাল থাকবে।

‎ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে ১৪টি বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলো হলো :

‎১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই নিজ আসনে বসতে হবে।

‎২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

‎৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

‎৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের নিকট থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংগ্রহ করবে।

‎৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যাবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।

‎৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

‎৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যাবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

‎৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না।

‎৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের ভেতর প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

‎১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

‎১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।

‎১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যাবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।

‎১৩. ব্যাবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

‎১৪. পরীক্ষার ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণ জন্য অনলাইনে আবেদন করতে হবে।


বিজ্ঞাপন